প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং’ শীর্ষক প্রকল্পের আওতায় বাগেরহাটের চিতলমারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) একটি নতুন প্রশিক্ষণ গাড়ি হস্তান্তর করা হয়েছে। গত ১৫ অক্টোবর ২০২৬ খ্রিঃ মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে গাড়িটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আতিকুর রহমান।
প্রকল্পের আওতায় হস্তান্তরিত এই আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণ গাড়িটি টিটিসির ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা কেবল গাড়ি চালনাই শিখবেন না, বরং যানবাহনের সাধারণ রক্ষণাবেক্ষণ, ট্রাফিক আইন, নিরাপদ সড়ক চলাচল এবং পেশাগত দায়িত্বশীলতার বিষয়েও সার্বিক দক্ষতা অর্জন করবেন। ফলে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির পাশাপাশি নিরাপদ ও দক্ষ চালক তৈরিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নতুন গাড়ি প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে অধ্যক্ষ আতিকুর রহমান জানান, প্রতিষ্ঠানে নতুন গাড়ি যুক্ত হওয়ায় কর্মকর্তা, শিক্ষক ও প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়েছে। গাড়িটি পাওয়ায় এখন থেকে নতুন প্রশিক্ষণার্থীদের আরও সুন্দর ও মানসম্মতভাবে প্রশিক্ষণ দেওয়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে। এ সময় তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, "এত সুন্দর একটি সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়ে মানুষকে সেবা দিতে পারছি, এজন্য পরম সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
প্রবাসী কর্মীদের দক্ষ করে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, "বর্তমান সরকারের নির্দেশনায় বিদেশগামী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য প্রশিক্ষণের সুব্যবস্থা জোরদার করা হয়েছে। একজন শ্রমিক উপযুক্ত কর্মদক্ষতা অর্জন করে বিদেশে পাড়ি জমালে তার জন্য সেখানে কাজ করা সহজ হয়, আয় বৃদ্ধি পায় এবং পরিবারে সচ্ছলতা ফিরে আসে।"
চিতলমারী টিটিসিতে নতুন এই প্রশিক্ষণ গাড়ি সংযোজনের ফলে ওই অঞ্চলের যুবসমাজ ড্রাইভিং প্রশিক্ষণে আরও আগ্রহী হবে এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।