কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় সুমন একাডেমি ও বাজরা ব্রাদার একাদশ।
খেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি। এ সময় মাঠজুড়ে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।
এর আগে দুপুরে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত শ্রমিকদের সঞ্চয়ী অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।
তিনি বলেন, সরকারের জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনা ও রূপকল্প বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে ভেদাভেদ ভুলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে একযোগে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করলে কাঙ্ক্ষিত উন্নয়ন আরও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নীতি বাস্তবায়নের মূল চালিকাশক্তি হলো মাঠ প্রশাসন। সরকারের অর্জন ও সফলতা জনগণের কাছে পৌঁছে দিতে প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তা ও কর্মচারীকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে জনকল্যাণে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়নে রাজনৈতিক নেতৃত্ব, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ৩০ জুন ২০২৬ তারিখে পর্যায়ক্রমে কাজ থেকে অব্যাহতি পাওয়া ২৬ জন শ্রমিকের প্রত্যেকের হাতে ১ লাখ ৯ হাজার টাকার সঞ্চয়ী অর্থের চেক তুলে দেন প্রতিমন্ত্রী।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রফিক ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম এ হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি এ এইচ এম ইজাজুল হক, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী মোঃ আলী জিন্নাহ এবং কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হকসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা।
মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় কুলিয়ারচরের ফরিদপুর বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। পরে বেলা ১১টায় ছয়সূতী ইউনিয়নের জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং দুপুরে কুলিয়ারচর কালী নদীতে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী। পরে সন্ধ্যায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।