মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্যবসায়ী মো. ফরিদুর রহমান ফরিদ। শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে পূজার আয়োজন ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় ব্যক্তিগত অর্থায়নে পূজা উদ্‌যাপনে আর্থিক সহায়তাও দেন তিনি।
পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে চেয়ারম্যান ফরিদ প্রথমে আন্ধারমানিক বাজারের দুর্গাপূজামণ্ডপে যান। পরে পাটগ্রাম মোড়, আন্ধারমানিক উত্তরপাড়া বারোয়ারি, নিচতলা বারোয়ারি ও লেছড়াগঞ্জ বাজারের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ ছাড়া উপজেলা বারোয়ারি, উপজেলা চত্বর এবং পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নেপাল হালদারের বাড়ির পূজামণ্ডপেও যান তিনি। সবশেষে নিজের গ্রাম যাত্রাপুরের আরও তিনটি পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য ইমদাদুল হক শাহীন, শ্রী কালিপদ দাস, মো. সেকেন্দার আলী ও সংরক্ষিত নারী সদস্য শিল্পী বেগম। উপস্থিত ছিলেন শ্রী বিমল চন্দ্র সরকার, মো. সিরাজুল ইসলাম শিরু, মো. আবুল বাশার, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি ও ইউপি সদস্য শ্রী সুমন রাজবংশী, সাধারণ সম্পাদক বিল্টু দত্ত এবং সাবেক সাধারণ সম্পাদক নেপাল হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনকালে চেয়ারম্যান ফরিদ পূজামণ্ডপগুলোর আয়োজন, সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে পূজা উদ্‌যাপনে সহযোগিতা করেন।
স্থানীয়দের ভাষ্য, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী হিসেবে ফরিদুর রহমান ফরিদ এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করে থাকেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিত।
স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নেওয়া ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখে।