নড়াইলের জনপ্রিয় সামাজিক ও ধর্মীয় সেবামূলক সংগঠন ঊষার আলো সূর্যসংঘের পঞ্চম দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) নড়াইল জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনটির সদস্যদের কণ্ঠভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম, নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইলের জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতৃত্বদাতা মোঃ ইমাম হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু সালেহ মোহাম্মদ গোফরান।
সম্মেলনে সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা শাফায়াত উল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আবু মুসা শিকদার। এছাড়াও আহ্বায়ক সদস্য আমিরুল ইসলাম রানার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মাস্টার জাকির হোসেন।
সভাপতি, নির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন শেষে নতুন কমিটি আরও কয়েকজনকে পদায়ন করেন। এর মধ্যে রয়েছেন- সিনিয়র সহঃ সভাপতি মোঃ সালাউদ্দিন ইউসুফ, সহ-সভাপতি মুহাদ্দিস হোসেন বাপ্পা, সাইফুল ইসলাম বকুল, ইরফানুল বারী উজ্জ্বল, মাওলানা জহুরুল ইসলাম ও মাওলানা হেদায়েত হোসাইন।
সম্মেলনে উপস্থিত ছিলেন, জুলাইযোদ্ধা আল আমিন মণ্ডল, সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য শাহারুল আলম, রাফায়েতুল হক তমাল, এস এম তন্ময় রেজা, আমিনুর রহমান, আবু জর, হাফেজ মঈন খান, উসমান গণী প্রমুখ। সম্মেলনে শেষে নবগঠিত কমিটির নেতৃত্ববৃন্দ দ্রুতই সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যকরী পরিষদের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ জেলা কমিটি ও উপজেলা কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।